রামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছয়জনকে বিএনপিকর্মী বলে দাবি করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ-সদস্য শাহাদাত হোসেন সেলিম। তার এ বক্তব্য ও পরবর্তী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহীদদের তালিকায় মাত্র ১৩ বছর বয়সি স্কুলছাত্র রাকিব হোসেনকে বিএনপিকর্মী হিসাবে উল্লেখ করায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে ত্রাণের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘গত ১৭ বছরে রামগঞ্জে বিএনপির চারজন কর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে রামগঞ্জের আরও ছয়জন বিএনপির কর্মী শহীদ হয়েছেন।’ এ সময় তিনি ওই ১০ শহীদের স্মরণে রামগঞ্জের ১০টি প্রধান সড়কের নামকরণের ঘোষণা দেন। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজেও একই বক্তব্য তুলে ধরে একটি পোস্ট করেন তিনি। সেখানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও গুম হওয়া বিএনপির চার কর্মী আবেদ, কাদের, মনির ও বাহারের নাম উল্লেখের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সৈয়দ মোস্তফা কামাল রাজু, শামসুল ইসলাম, আনোয়ার হোসেন, রাকিব হোসেন (১৩), রিপন হোসেন ও কাওসার মাহমুদকে বিএনপির কর্মী হিসাবে উল্লেখ করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিহত শহীদ রাকিব হোসেন সপ্তম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়দের দাবি, তার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার তথ্য জানা যায়নি।








