নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত এবং তাদের একজনকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ভিডিওটি ফেসবুক ও টিকটকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী তার এক বান্ধবীর প্রেমিক কিশোর মো. দিলসাদ হোসেনের (১৫) পক্ষে কথাবার্তা ও চিঠিপত্র আদানপ্রদান করত। মাসখানেক আগে কাঁচপুর শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওয়াকওয়েতে স্কুল ড্রেস পরা অবস্থায় মেয়েটি ও তার বান্ধবী হেঁটে যাচ্ছিল। এ সময় প্রেমের ঘটনায় বাধা হয়ে দাঁড়িয়েছে মনে করে ও একটি তুচ্ছ কথার জের ধরে প্রেমিক দিলসাদ হোসেন তার প্রেমিকার বান্ধবীকে একাধিকবার লাথি মারে। তবে, কিশোরীর বান্ধবী দিলসাদের সঙ্গে তার প্রেমের বিষয়টি মিথ্যা বলে দাবি করে। ধারণা করা হচ্ছে, ঘটনার সঙ্গে জড়িত দিলসাদ হোসেনের সহযোগী কেউ লাথি দেওয়ার ঘটনার সময় ভিডিওটি ধারণ করেছিল। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।








