গাজীপুরের শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির কাভার্ডভ্যানচাপায় শিশুসহ দম্পতি নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় তিন জেলায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন, গোপালগঞ্জের কাশিয়ানীতে গৃহবধূ এবং পটুয়াখালীর বাউফলে শিক্ষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে কাভার্ডভ্যানচাপায় শিশুসহ নিহত দম্পতি হলেন পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দার আলী ব্যাপারীর ছেলে রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার। তারা শ্রীপুরের ডেনিম্যাক লিমিটেড নামে একটি কারখানায় মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। শনিবার উপজেলার বেড়াইদেরচালা দুই নম্বর সি অ্যান্ড বি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ডেনিম্যাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিনুর আলম বলেন, দুপুরের বিরতিতে রাকিব তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই রাকিবের স্ত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যান। পরে হাসপাতালে মারা যায় তার শিশুকন্যা। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নাটোর : ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের ভ্যানচালক তমিজ উদ্দিন এবং নাটোর সদর উপজেলার দিয়ার সাতুলিয়া গ্রামের আসাদুল ইসলাম। শনিবার সকালে নাটোর শহরের দত্তপাড়া এলাকার রিভু ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত সাগর নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে। শুক্রবার রাতে নাটোরের নলডাঙ্গার পাটুল বাজার বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বোয়ালমারী (ফরিদপুর) : ইটবোঝাই থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত চায়না পারভিন ফরিদপুরের বোয়ালমারীর রাখালগাছি গ্রামের বাসিন্দা। শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর-জয়নগর সড়কের ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বাউফল (পটুয়াখালী) : দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় নিহত পথচারী মুসা বাউফলের নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক ছিলেন। শুক্রবার রাতে বাউফলের নুরাইনপুর বাজারের কাছে বাউফল-কালিশুরী সড়কে দুর্ঘটনাটি ঘটে।








