বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, এটি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। অথচ বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কৃতিত্ব দাবি করে।
আজ রোববার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা ও সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘আমরা সংবিধানের কুসুম কুসুম পরিবর্তন নয় আমূল পরিবর্তন চেয়েছি। গণমানুষের সংবিধান করতে চেয়েছি। তারা এই সংস্কার মানতে পারছে না...তারা বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় কাঠামোতে প্রশাসক নিয়োগ করে এক দলীয় শাসন শুরু করার পাঁয়তারা করছে। এটা গণতন্ত্র হতে পারে না। অথচ বিএনপি বহু দলীয় গণতন্ত্রের ক্রেডিট নেয়। আবু সাঈদ যে লক্ষ্য নিয়ে জীবন দিয়েছিল, সেই লক্ষ্য নিয়ে শাসন কাঠামো চালাত হবে। চব্বিশের আগের বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, পঞ্চগড় জেলা এনসিপির সদস্যসচিব দেলদার রহমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।








