স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হওয়ায় এখন নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘‘আমরা স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা শুধু অপেক্ষা করছিলাম স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির জন্য। যা চূড়ান্ত হয়েছে। এখন আমরা নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত।’’
এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ভোটার তালিকা, ভোটকেন্দ্র, নির্বাচন কর্মকর্তা নিয়োগ এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়সহ প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।








