গোপালগঞ্জের কাশিয়ানীতে মিলি বেগম (৩০) নামে এক নারীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আল-আমিনের বিরুদ্ধে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
মিলি বেগম উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামের মিজান শেখের মেয়ে। আল-আমিনের বাড়ি পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শ্বশুর বাড়ি বেড়াতে আসেন আল-আমিন। সোমবার দুপুরে স্ত্রীকে নিয়ে পুকুরে গোসলে নামেন তিনি। গোসল শেষে আল-আমিন শ্বশুর বাড়ি একাই ফিরে নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত বের হয়ে যান। এ সময় মিলি সম্পর্কে জানতে চাইলে সে তার শাশুড়িকে জানায়, পরে আসবে।
এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও মিলি বাড়িতে না আসায় তার মা পুকুরপাড়ে যান। এ সময় মিলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, আল-আমিন তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, “পারিবারিক বিরোধের কারণে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”








