সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে প্রবেশ নিষেধ থাকার পরেও অবৈধভাবে প্রবেশ করে নদীতে মাছ ধরার সময় মালামালসহ চার জেলেকে আটক করেছেন কাঠেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা। বুধবার সকালে কাঠেশ্বর টহল ফাঁড়ির ওসি আরাফাত হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের সাপখালী নদীতে মাছ ধরার সময় জেলেদের আটক করেন। এ সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, দুটি জাল, ড্রাম ও বৈঠাসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন। আটক জেলেরা হলেন-উপজেলার ৯নং সোরার হেলাল হোসেন, নজরুল ইসলাম, সাকিল মোড়ল ও বাবু গাজী। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নদীতে প্রজনন মৌসুমে জেলেদের প্রবেশ নিষেধ। কিন্তু ওই জেলেরা আইন অমান্য করে অবৈধভাবে মাছ ধরার সময় আটক করে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।