​কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দলই গোলের দেখা পায়নি।ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে সুইস গোলরক্ষকের নৈপুণ্যে শেষ হাসি হাসে সুইজারল্যান্ড। এখন কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইসরা।​টাইব্রেকারের শুরুতে কলম্বিয়ার হুয়ান ফের্নান্দো কুইন্তেরো জোরালো শটে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন। সুইজারল্যান্ডের হয়ে প্রথম শট নিতে এসে গ্রানিত জাকা কলম্বিয়ার গোলরক্ষকের হাতে বল লাগিয়েও বল জালে জড়িয়ে সমতা ফেরান। এরপর কলম্বিয়ার অধিনায়ক ডাভিনসন সানচেসের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলে বড় সুযোগ হাতছাড়া হয় লাতিন দলটির। সুইসদের হয়ে এরপর জেকি আমদৌনি ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন।কলম্বিয়ার জন ক্যাম্পাজ গোল করে স্কোরলাইন সমতায় ফেরালেও সুইজারল্যান্ডের মানুয়েল আকাঞ্জি বল গোলবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মেরে হতাশায় হাঁটু গেড়ে বসে পড়েন।​ম্যাচের মোড় ঘুরে যায় কলম্বিয়ার কুচো হার্নান্দেসের শটের সময়, যেখানে সুইস গোলরক্ষক দুর্দান্ত ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে বল ঠেকিয়ে দেন। সুইজারল্যান্ডের সেড্রিক ইত্তেন এরপর গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।কলম্বিয়ার লুইস দিয়াজ গোল করে দলের আশা বাঁচিয়ে রাখলেও শেষ শট নিতে আসা রুবিন কোনো ভুল করেননি। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি।​১২০ মিনিটের পুরো লড়াইয়ে কলম্বিয়া ১৫টি এবং সুইজারল্যান্ড ৭টি আক্রমণ চালায়। পুরো ম্যাচে সুইজারল্যান্ড ৫৩ শতাংশ সময় বল দখলে রাখে, অন্যদিকে কলম্বিয়ার দখলে ছিল ৪৭ শতাংশ।নাটকীয় এই জয়ের পর আগামী ১২ জুলাই সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মাঠে নামবে সুইজারল্যান্ড।