মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর থেকে বেদবাড়ীয়া সড়কের একটি অংশ টানা বৃষ্টিতে ভেঙে যাওয়ায় যানবাহন নিয়ে চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কয়েক দিনের বৃষ্টিতে সড়কটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টিতে ভবানীপুর টু বেদবাড়ীয়া সড়কটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত মেরামত করা না গেলে পুরো রাস্তা আরও ভেঙে যেতে পারে। বর্তমানে ভারী যানবাহন তো দূরের কথা, মোটরসাইকেল নিয়ে চলাচলও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভবানীপুর গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, `টানা বৃষ্টিতে রাস্তা একেবারে ভেঙে গেছে। মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না। যে কোনো সময় রাস্তাটি একেবারে ভেঙে দু ভাগ হয়ে যেতে পারে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই, অতি দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য।'

অটোচালক আনছার আলী বলেন, `রাস্তা ভাঙা থাকলে চরম ভয় ও আতঙ্ক নিয়েই চলাচল করতে হয়। রাতে দুর্ঘটনার ভয় বাড়ে। কারণ দিনের বেলায় দেখে চলতে পারি কিন্তু রাতে লাইটের আলোতে অনেক সময় স্পষ্ট দেখাও যায় না, তখন দুর্ঘটনায় পড়তে হয়। ভবানীপুরের মধ্যে যে রাস্তাটি ভেঙে গেছে তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।'

গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, `ভবানীপুর টু বেদবাড়ীয়া রাস্তার একটি জায়গায় ভেঙে গেছে বলে খবর পেয়েছি। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা দ্রুত মেরামতের কাজ শুরু করব। সাংবাদিকদের ধন্যবাদ, তাদের সংবাদের মাধ্যমে আমরা বিষয়গুলো দ্রুত জানতে পারি।'

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে অতি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।