গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৪ জুলাই) সকালে টঙ্গীর গাজীপুরা এলাকার হপলুন অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা গেছে, সকালে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা ও জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দেয়। প্রথমে কারখানার ভেতরেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে অন্তত ৬০ জনকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রমিকরা জানান, সকাল ৯টার দিকে কারখানার তৃতীয় ও চতুর্থ তলার কয়েকজন শ্রমিক প্রথমে অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি পুরো কারখানায় ছড়িয়ে পড়লে কয়েক ঘণ্টার মধ্যে আরও অনেক শ্রমিক অসুস্থ বোধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

‎গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক(টঙ্গী অঞ্চল) লিটন শরিফ বলেন, কারখানাটির অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ শ্রমিকরা কারখানার কোনো খাবার ও পানি পান করেননি। কারখানা কর্তৃপক্ষ আজ ছুটি ঘোষণা করেছেন। কারখানা ও তার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কেএইচকে/এএসএম