গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর আরিচপুর মিরেশপাড়া নদীবন্দর এলাকার খাজা বাবা মসজিদের পাশের তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো— পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া (১৩) এবং একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১২)। তারা টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারসহ তারা আরিচপুর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে শামীম ও আফনান তাদের সহপাঠীদের সঙ্গে টঙ্গীর মিরেশপাড়া বালুর মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা রাব্বী, সাজিদ, শিপন ও রেহানসহ ছয় বন্ধু মিলে খাজা বাবা মসজিদের পাশের নদীর ঘাটে গোসল করতে নামে।

একপর্যায়ে শামীম ও আফনান নদীর গভীর অংশে চলে গেলে প্রবল স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তাদের সহপাঠীরা দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং তুরাগ নদ থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

The post টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু appeared first on ZoomBangla.