বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন প্রায় দুই দশক পর কলকাতায় আসছেন । আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমেও কলকাতায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন তসলিমা নাসরিন।

তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের সিপিআই(এম) নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

তিনি দাবি করেন, তসলিমা নাসরিন বিভিন্ন সময়ে বিজেপি, আরএসএস এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বিজেপি ও আরএসএসের হয়ে কাজ করেছেন। বিভিন্ন বিষয়ে তার বক্তব্য দেখলে বোঝা যায়, তিনি উগ্র হিন্দুত্ববাদের পক্ষেই প্রচার করেছেন।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন, শুধু নাম তসলিমা নাসরিন হলেই কেউ প্রকৃত অর্থে স্বাধীনচেতা হয়ে যায় না। যেদিন তিনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সরাসরি কথা বলবেন, সেদিনই বুঝতে পারবেন এখানে থাকা কতটা সহজ।

২০০৭ সালে বামফ্রন্ট সরকারের আমলে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিতে এসে তসলিমা নাসরিনের উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হয়েছিল। এরপর দীর্ঘ সময় তিনি আর কলকাতায় আসেননি।

পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও কলকাতায় ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তা বাস্তবায়িত হয়নি। সেই সময়ও তার সফর নিয়ে বিভিন্ন মহলে বিরোধিতা দেখা গিয়েছিল।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এবার তসলিমা নাসরিনের কলকাতা সফরকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার এই সফর রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

ডিডি/এমএসএম