সৌদি আরব সরকার বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করলে তা গুরুতর আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসার মেয়াদ অতিক্রম করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, দেশ থেকে বহিষ্কার এবং অপরাধের ধরন অনুযায়ী ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন, প্রবেশ ভিসার অপব্যবহার রোধ এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান ঠেকাতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি সরকার নাগরিক ও বৈধ বাসিন্দাদের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনা জানাতে আহ্বান জানিয়েছে। এ জন্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে ২৪ ঘণ্টা অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে ১৫ হাজার ৪০০ জনের বেশি আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৯১৩ জন আবাসন আইন, ৪ হাজার ৩৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮০ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন।

এ সময় অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৫৪২ জন এবং অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার অভিযোগে আরও ৩০ জনকে আটক করা হয়। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ২৯ হাজার ২৮৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে অনেককে ভ্রমণসংক্রান্ত নথি প্রস্তুত ও নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও চলছে।

সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের প্রবেশ, পরিবহন, চাকরি বা আশ্রয়ের ব্যবস্থা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম