টানটান উত্তেজনার মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। ভারতসহ পুরো পশ্চিমবঙ্গজুড়ে এখন সবার নজর ইংল্যান্ড ও আর্জেন্টিনার এই হাইভোল্টেজ ম্যাচের দিকে।
মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে কথার লড়াই। কেউ ইংল্যান্ডের হয়ে গলা ফাটাবেন, কেউ আবার আর্জেন্টিনার সমর্থনে মাতবেন। তবে কলকাতায় ইংল্যান্ডকে সমর্থন করার লড়াইয়ে আপনি কিন্তু একা নন। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কলকাতায় অবস্থিত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচে নিজ দেশের হয়েই গলা ফাটাবেন। অ্যান্ড্রু ফ্লেমিং নিজেই এ তথ্য জানিয়েছেন।
অবশ্য কলকাতার ফুটবল উন্মাদনা সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে এই ব্রিটিশ কূটনীতিকের। তিনি খুব ভালো করেই জানেন যে, কলকাতার প্রায় অর্ধেক মানুষই আর্জেন্টিনাকে সমর্থন করবেন।
কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, ‘আমি মনে করি এই ম্যাচটা দারুণ একটি ম্যাচ হতে চলেছে। গত রাতেও স্পেনের কাছ থেকে একটা মাস্টারক্লাস ম্যাচ দেখলাম। তাদের দেশের প্রত্যেকেই এখন বলছে ওরাই এবার বিশ্বকাপ জিতবে।’
আজকের ম্যাচ নিয়ে নিজের উত্তেজনার কথা জানিয়ে অ্যান্ড্রু ফ্লেমিং আরও বলেন, ‘আজকের রাতেও দারুণ একটা দেখার মতো ম্যাচ হতে চলেছে। আমি এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছি।’
আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ফুটবল দলের তুলনা করে অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, ‘আর্জেন্টিনার ফরোয়ার্ড বিভাগটা খুবই ভালো। অন্যদিকে এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। বিশেষ করে ইংল্যান্ডের অ্যাটাকিং দিকটা অত্যন্ত শক্তিশালী। এই কারণেই তারা প্রচুর সমর্থন পাচ্ছে।’
সবশেষে কলকাতার ফুটবল আবেগ ও নিজের অবস্থান স্পষ্ট করে অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, ‘আমি কোনো দলের অন্ধ পক্ষ নিয়ে বলছি না। তবে আমি একটা দারুণ ম্যাচ দেখার প্রতীক্ষায় রয়েছি। আমি জানি কলকাতার অর্ধেক মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করবেন। কিন্তু আমার বাড়ি ইংল্যান্ডে, তাই স্বাভাবিকভাবেই আমি ইংল্যান্ডের হয়েই গলা ফাটাবো।’
ডিডি/কেএএ/








