কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শফি উল্লাহ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুরাতনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। শফি হ্নীলা মঈদ উদ্দিন মেমোরিয়াল কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র ছিলেন। লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, শফিদের বাড়ি যাওয়ার রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দেয় তার চাচাতো ভাইয়েরা। এ সমস্যার সামধানে শফিগং কক্সবাজার আদালতে মামলা করে। বিষয়টি পুলিশ সরেজমিন তদন্ত করতে গেলে প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়।

শফির ভাই আবু বক্কর জানান, প্রতিপক্ষের কামাল, নোমান, আবু বক্কর, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইলিয়াস শনিবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শফিসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় শফি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার প্রথমে টেকনাফের একটি হাসপাতালে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।