দুই গাঁজাসেবীকে ছাড়িয়ে নিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় গিয়ে মাতলামির অভিযোগে আটক হয়েছেন নগরীর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলাল। পরে ভ্রাম্যমাণ বিচারে তাকে ১ হাজার টাকা জরিমানা ও পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছেন আদালত। একই ঘটনায় তার এক সহযোগী এবং আটক দুই গাঁজাসেবীকেও জরিমানা ও প্রবেশন দেওয়া হয়েছে। ঘটনার জেরে মোস্তফাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে সোনাডাঙ্গা থানায় এ ঘটনা ঘটে। রোববার দুপুরে চারজনকে খুলনা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. আসাদুজ্জামান তাদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করেন।

আদালতের আদেশ অনুযায়ী, গাঁজাসেবনের অভিযোগে আটক পারভেজ শেখ ও আবদুল্লাহকে ৩ মাস এবং মোস্তফা শেখ দুলাল ও তার সহযোগী শরিফুলকে ৬ মাস পরিবারের জিম্মায় প্রবেশন দেওয়া হয়েছে। প্রবেশন চলাকালে একই ধরনের অপরাধে জড়ালে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে কারাদণ্ড কার্যকর হবে।

এদিকে, ঘটনার পর রোববার খুলনা মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তফা শেখ দুলালকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।