সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের নতুন হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, ‘তৃণমূলের সাধারণ কর্মী ও সমর্থকেরাই বিএনপির মূল শক্তি। ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। দলের ত্যাগী ও নিবেদিত কর্মীদের সঠিক মূল্যায়ন করতে হবে।’নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকদের ন্যায্য অধিকার রক্ষা, ফসল রক্ষা বাঁধের তদারকি এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ এবং তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া।সভায় উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের শীর্ষ স্থানীয় নেতাসহ বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি
তৃণমূলই বিএনপির আসল শক্তি : এমপি কামরুল

শেয়ার করুন







