ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে 'হিট’ প্রকল্পের আওতায় নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা পাচ্ছে শিক্ষার্থীরা।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্নে ৫ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ. কে. এম মতিনুর রহমান।
আয়োজক সূত্রে জানা যায়, হিট (HEAT) প্রজেক্টের অধীনে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিটি রুমে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির প্রধানত দুটি অংশ রয়েছে। প্রথম অংশে প্যাসিভ ডিভাইসগুলো স্থাপনের কাজ করছে ‘অপটিমা টেকনোলজিস লিমিটেড’। দ্বিতীয় অংশ হিসেবে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজ শুরু হলো। এখন থেকে দুটি অংশের কাজই সমান্তরালে চলবে এবং প্যাসিভ ডিভাইসের কাজ যতটুকু শেষ হবে, ততটুকু অংশে অ্যাক্টিভ ডিভাইস সচল করে ইন্টারনেট সংযোগ চালু করে দেওয়া হবে।
উপাচার্য মতিনুর রহমান বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এই কর্মসূচি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরো সমৃদ্ধ করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত দিক থেকে আরো একধাপ এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।”
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, হল প্রভোস্ট অধ্যাপক এ টি এম মিজানুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক শাহজাহান আলী এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি প্রমূখ উপস্থিত ছিলেন।








