কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনই প্রাণ হারিয়েছেন। পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়া এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সূত্র জানায়, ঝড়-বৃষ্টির কারণে প্রতিবেশীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অজান্তেই একটি টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুপুরে আবু সাঈদ ঘরে খেতে বসেছিলেন। এ সময় তার স্ত্রী রাবেয়া বেগম টিউবওয়েল
থেকে পানি আনতে গিয়ে পিচ্ছিল রাস্তায় পড়ে যাওয়ার সময় টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুতায়িত হন। তার চিৎকার শুনে আবু সাঈদ স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী আতাউর রহমান বলেন, ঝড়-বৃষ্টির পর কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে বা ঝুলে থাকলে দ্রুত বিদ্যুৎ বিভাগকে জানিয়ে মেরামতের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
এদিকে ফেনীর পরশুরামে ঝড়ে ছিঁড়ে সড়কের ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ননাই বিবি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর মহম্মদপুর গ্রামে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আবুল কাসেমের স্ত্রী। স্থানীয়রা জানান, ঝড়ে ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তার সড়কের ওপর ঝুলে ছিল। পথচারীদের নিরাপত্তার কথা ভেবে ননাই বিবি তারটি সরানোর চেষ্টা করলে বিদ্যুৎতায়িত হন। স্থানীয়দের অভিযোগ, ঝড়ের পর ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দ্রুত মেরামত না করায় এ দুর্ঘটনা ঘটেছে। পরশুরাম পল্লী বিদ্যুতের ডিজিএম সুহেল আখতার বলেন, তারটি ঝুলন্ত ছিল, তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।








