যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। সোমবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

সোমবার সকাল ১১ টায় যোগদানের পর যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা করেন। এছাড়াও ১৯৫২ থেকে ২০২৪ সালের বীর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’র কর্মসূচির আদলে একটি নিম গাছের চারা রোপণ করেন।

যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘বর্তমানে বাংলাদেশ সরকারের যে নীতি আছে- ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিকে যবিপ্রবির ক্ষেত্রে আমরা দেখব- ‘সবার আগে যবিপ্রবি’।

অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

মিলন রহমান/এএইচ/এমএস