বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভাঙছেন বর্তমান প্রজন্মের তারকারা। তবে এসব নিয়ে মোটেও আক্ষেপ নেই ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওর (রোনালদো ফেনোমেনোন)। বরং তিনি হাস্যরসের সঙ্গেই জানিয়েছেন, রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়।

শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করতে পারলে রোনালদোর ১৫ বিশ্বকাপ গোলের রেকর্ডে ভাগ বসাবেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

বিষয়টি নিয়ে কেইজ টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘এখন তো যেন একেবারে উন্মুক্ত প্রতিযোগিতা-সবাই আমাকে ছাড়িয়ে যাচ্ছে। এ নিয়ে আমার আর উত্তেজনা নেই। তবে যারা আমাকে ছাড়িয়ে যাচ্ছে, তাদের শিরোপা জিততে কঠোর পরিশ্রম করতে হবে। যারা অসাধারণ সব পরিসংখ্যান গড়ছে, তারা সত্যিই ভিন্ন মানের খেলোয়াড় এবং তারা এর যোগ্য। রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। ইতিহাসে আমার গোলগুলো থাকলেই আমি খুশি।’

বর্তমানে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো আছেন চতুর্থ স্থানে। তার ১৫ গোলের ওপরে আছেন লিওনেল মেসি (২১), কিলিয়ান এমবাপে (২০) ও মিরোস্লাভ ক্লোসে (১৬)। রোনালদোর ঠিক পরেই ১৪ গোল নিয়ে যৌথভাবে অবস্থান করছেন হ্যারি কেইন ও জার্মান কিংবদন্তি গার্ড মুলার।

আধুনিক ফুটবলে সেন্টার ফরোয়ার্ড পজিশন নিয়ে কথা বলতে গিয়ে রোনালদো বিশেষভাবে প্রশংসা করেন হ্যারি কেইন ও আরলিং হালান্ডের।

ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘আমি দুজনকেই খুব পছন্দ করি। কিছুদিন আগেও সবাই বলছিল, বিশ্ব ফুটবলে আর ভালো নাম্বার নাইন নেই। কিন্তু এখন দেখুন, কী দারুণ পরিবর্তন এসেছে! কেইন, হালান্ড-ওরা সেন্টার ফরোয়ার্ডদের দুর্দান্ত প্রতিনিধি। এমবাপেও আছে। ও ১০ নম্বর জার্সি পরে খেললেও, আসলে সেও একজন সেন্টার ফরোয়ার্ড।’

আরআর/এমএমআর