যশোরের শার্শায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।
সোমবার (২০ জুলাই) উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) ও একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহাগ, নাহিদ ও রুবেল মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। অপরদিকে ইটভাটায় ইট আনতে যাচ্ছিল ট্রলিটি। পথে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সোহাগ ও নাহিদের মৃত্যু হয়। স্থানীয়রা আহতাবস্থায় রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।
শার্শা থানার এসআই চঞ্চল বলেন, খবর পেয়ে পুলিশ দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








