যশোরের শার্শা উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের ‘সালামের মোড়’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা রুবেল হোসেন (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ট্রলিচালক আমিরুল ইসলাম ও তার সহকারী নিরব হোসেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটবল ম্যাচ দেখে ভোরে মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে যাচ্ছিলেন ঊষা, নাহিদ ও রুবেল। পথে ইটবোঝাই একটি দ্রুতগতির ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ঊষা ও নাহিদ মারা যান। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
রাজনীতি
ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

শেয়ার করুন







