যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম। রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে এই অভিযান চালানো হয় বলে তিনি জানান।
আটক তাহসীন ইসলাম নোয়াপাড়া এলাকার ওহিদুল ইসলামের ছেলে। অভিযানের সময় তার কক্ষ থেকে একটি চাপাতি, কিছু তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি ডাকাতি মামলা রয়েছে, যেখানে তিনি তৃতীয় নম্বর আসামি।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে আলোচিত একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আরো জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা খুলনাভিত্তিক মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (এফসিএস)-নামে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ও শিক্ষক বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ীর ঘটনার পর থেকেই এই নেটওয়ার্কের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে শুরু করে পুলিশ।








