সড়ক দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। শনিবার ও আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নীলফামারীতে নারী, সিলেটে কিশোরসহ দুজন, কুড়িগ্রামে যুবক, নোয়াখালীতে মোবাইল ফোন মেকানিক, রাজশাহীতে বৃদ্ধ এবং গাজীপুরে শিক্ষার্থী ও কিশোরগঞ্জে তরুণ রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

জলঢাকা (নীলফামারী) : জলঢাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি রানী রায় (৩৫) পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। গুরুতর আহত স্বপন রায় (৩০) ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে। সুমি রানী তার ভাগনে জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সুমি রানী ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে বাসের চাকার নিচে তার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিয়ানীবাজার (সিলেট) : বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চারখাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এবং একই দিন রাতে শেওলা সেতু টোল এলাকায় ট্রাকচাপায় এক চালকের মৃত্যু হয়েছে। চারখাইয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আবু বকর সাইফুল্লাহ নামের কিশোর নিহত হয়েছে। তার বাড়ি মাথিউরা ইউনিয়নে। বিয়ানীবাজার উপজেলার সাচান এলাকার সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের কাঠলী ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল্লাহ বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের দুধবকশী গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে। অপরদিকে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফখরুল ইসলাম (৪৮) নামে এক পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। উপজেলার শেওলা সেতুর টোল এলাকায় সংলগ্ন রাজমহলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফখরুল পেশায় পরিবহণ চালক। তিনি উপজেলার নয়া দুবাগ এলাকার মৃত হারিছ উদ্দিনের ছেলে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। শনিবার সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।

নোয়াখালী : চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম হোসাইন নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজিম একই উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার ছেলে। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন।

রাজশাহী : মোহনপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ আব্দুস সালামের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কেশরহাট পৌরসভার সাঁকোয়া মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সাঁকোয়া গ্রামের বাসিন্দা।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় অবস্থিত আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মাহিম (১৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। অপর দুই বন্ধু জাবেদ ও জিহাদ আহত হয়েছে। শুক্রবার রাতে কাশিমপুর মেট্রোথানার মাধবপুর এলাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে জিরানি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। নিহত মাহিম কাশিমপুর মেট্রোথানার মাধবপুর এলাকার আক্কাস আলী তন্ময়ের ছেলে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : ঢাকার উত্তরায় পুলিশের এপিবিএন-এ কর্মরত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলের ছেলে মনন মাহফুজ আদর্শ (২১) শনিবার দুপুরে মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। সে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।