যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ বিদেশি কর্মীকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চাকরি থেকে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিন ধরেই ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (টিপিএস) কর্মসূচি সীমিত করার চেষ্টা করে আসছে দেশটির সরকার। অবশেষে শুক্রবার দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নিয়োগকর্তাদের এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছে। শনিবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস) জানিয়েছে, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা হাইতির নাগরিকদের কাজের অনুমতির মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। এছাড়া ইথিওপিয়া, মিয়ানমার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের অনুমতির মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

গত মাসে মার্কিন সুপ্রিমকোর্ট ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের ক্ষমতা বহাল রাখার পরই নতুন এই নির্দেশনা দেওয়া হলো। সিদ্ধান্তটি কার্যকর হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা চাকরি হারানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের (ডিপোর্টেশন) ঝুঁকিতে পড়বেন। বর্তমানে প্রায় ৩ লাখ ৩০ হাজার হাইতির এবং ৬ হাজার ১০০ সিরিয়ার নাগরিক টিপিএস-এর আওতায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।