রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) থেকে পরবর্তী পাঁচ দিন মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। ফলে রাস্তাঘাটে জনগণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের শ্রেণি অনুযায়ী ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সে বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত বলে অভিহিত করা হয়।

আরও পড়ুন

আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

বৃষ্টিপাতের শ্রেণি ও বিভাগ ওয়ারী হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় রংপুরের ডিমলায় ১০১ মিলিমিটার (অতি ভারী বৃষ্টিপাত) রেকর্ড করা হয়। একই বিভাগের রংপুরে ৭২ মিলিমিটার ও তেতুলিয়ায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

ঢাকা বিভাগের সর্বোচ্চ টাঙ্গাইলে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সিলেট বিভাগের সিলেটে ৩৩ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় ৫৬ মিলিমিটার কক্সবাজারে ৫১ মিলিমিটার হাতিয়াতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এছাড়া খুলনা বিভাগের খুলনায় ৬২ মিলিমিটার যশোরে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ভোলায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই হিসেবে রংপুরের ডিমলায় অতি ভারী, রংপুর, তেতুলিয়া, কুমিল্লা, কক্সবাজার এবং হাতিয়ায় ভারী বৃষ্টিপাত হয়।

এমইউ/এমআরএম