তিন দশকেরও বেশি সময় আগের একটি সম্পর্ক। কিন্তু সেই অতীত এখনও যেন অভিনেত্রী কুনিকা সদানন্দকে তাড়া করে ফেরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক কুমার শানুর সঙ্গে তার পুরোনো সম্পর্ক নিয়ে কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী। তবে সমালোচকের মন্তব্যের জবাব দিতে এক মুহূর্তও দেরি করেননি তিনি। বরং রসিকতার সুরেই জানিয়ে দিয়েছেন, অতীত নয়, বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই মানুষের বেশি মনোযোগ দেওয়া উচিত।
সম্প্রতি সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলন ও অনশন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন কুনিকা। সেখানে তিনি লিখেছিলেন, সরকার যখন মানুষের কথা শোনে না, তখন প্রশ্ন তোলা আরও জরুরি হয়ে ওঠে। তার মতে, এটি শুধু সোনম ওয়াংচুকের বিষয় নয়; গণতন্ত্র, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব। পাশাপাশি এ বিষয়ে সবাইকে নিজেদের মতামত প্রকাশের আহ্বানও জানান তিনি।
কিন্তু সেই পোস্টের মন্তব্যের ঘরেই এক নেটিজেন কুনিকাকে ‘ফ্লপ’ অভিনেত্রী বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, কুমার শানুর সঙ্গে তার বহু বছরের পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে এনে তাকে ‘সংসার ভাঙার কারণ’ বলেও আক্রমণ করা হয়।
এমন মন্তব্যে নীরব থাকেননি কুনিকা। পাল্টা জবাবে তিনি লেখেন, ‘আরে ভাই, দেশে আমার আর আমার ব্যক্তিগত জীবন ছাড়া আরও অনেক বড় বড় বিষয় ঘটছে। অথচ আপনি এখনো আমার সৌন্দর্য আর বুদ্ধি নিয়েই মুগ্ধ! এবার একটু এগিয়ে চলুন!’
আরও পড়ুন
বারবার বাধার মুখে সালমানের ‘মাতৃভূমি’, কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি?
কুমার শানুর সঙ্গে সম্পর্কের বিষয়টি কখনো গোপন করেননি কুনিকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, নব্বইয়ের দশকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সে সময় কুমার শানু আইনগতভাবে বিবাহিত হলেও স্ত্রী রীতা ভট্টাচার্যের থেকে আলাদা থাকতেন বলে দাবি করেছিলেন অভিনেত্রী। প্রায় ছয় বছর স্থায়ী হয়েছিল সেই সম্পর্ক। তবে গায়কের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে সে সময় বিষয়টি প্রকাশ্যে আনেননি বলেও জানান তিনি।
অতীতের সেই সম্পর্ক নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও একাধিকবার জানিয়েছেন কুনিকা। একটি রিয়েলিটি শোতে তিনি খোলামেলাভাবে সেই অধ্যায়ের কথা তুলে ধরেছিলেন। তার ভাষ্য, জীবনের একটি সময়ের সিদ্ধান্ত নিয়ে এত বছর পর আক্ষেপ করার কোনো কারণ তিনি দেখেন না।
আরও পড়ুন
গুঞ্জনের অবসান, রাজনীতি নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র এনটিআরের
তিন দশক পেরিয়ে গেলেও কুমার শানুর সঙ্গে কুনিকার সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা থামেনি। তবে সাম্প্রতিক ঘটনার পর অভিনেত্রীর প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে, অতীতের অভিযোগের ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করতে তিনি রাজি নন। বরং সমালোচকদের বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবার বার্তাই দিয়েছেন তিনি।
এমএমএফ








