নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। এইচ বিনোথ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন্স।
মুক্তি ঘোষণার সঙ্গে সিনেমাটির নতুন একটি পোস্টারও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, বিজয়ের পরনে পুলিশের ইউনিফর্ম, চোখে রোদচশমা, হাতে জাপানি তলোয়ার ‘কাতানা’। পোস্টারের ক্যাপশনে প্রযোজনা সংস্থা লিখেছে, “আগুনে পরীক্ষিত, সময়ে গড়া, ইতিহাস তৈরির জন্য নির্মিত। লড়াই যত কঠিন, বিজয়ের ধ্বনি তত জোরালো।” একইসঙ্গে তারা জানায়, ২৩ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।
মুক্তির তারিখ ঘোষণার আগে ধারণা করা হচ্ছিল, সিনেমাটি ভারতে মুক্তির এক দিন পর বিদেশে মুক্তি পাবে। কারণ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি ও পাপুয়া নিউগিনিসহ কয়েকটি দেশের পরিবেশক আগে থেকেই ২৪ জুলাই মুক্তির তারিখ ঘোষণা দিয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। এমনকি, আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগেও তারা ২৪ জুলাই মুক্তির দিন হিসেবে জানায়। প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বিদেশেও ২৩ জুলাই-এর শো যুক্ত করা হয়েছে।
মুখোমুখি বাবা-ছেলে
বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন বাবা-ছেলে। অর্থাৎ বিজয়-সঞ্জয়। কারণ ‘জন নায়াগান’ মুক্তির প্রায় একই সময়ে আসছে তার ছেলে জেসন সঞ্জয় পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সিগমা’। সন্দীপ কিশান ও ফারিয়া আবদুল্লাহ অভিনীত এই হাইস্ট ঘরানার সিনেমাটি ৩১ জুলাই মুক্তির কথা রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন্স এখনো মুক্তির তারিখ পরিবর্তনের ঘোষণা দেয়নি।
বিজয় ও তার ছেলে জেসনের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন উড়ছে। বিশেষ করে বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের বিচ্ছেদের আবেদনের খবর প্রকাশের পর এই গুঞ্জন আরো জোরালো হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না সংগীতা, জেসন কিংবা মেয়ে দিব্যা সাশা। অনুষ্ঠানে ছিলেন শুধু বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর, মা শোভা এবং কয়েকজন আত্মীয়। এছাড়া, যাকে নিয়ে বিজয়ের প্রেমের গুঞ্জন রয়েছে, সেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও অনুষ্ঠানে সামনের সারিতে দেখা যায়। অন্যদিকে, প্রথম সিনেমার জন্য জেসন নিজের পদবি বাদ দিয়েছেন বলেও খবর প্রকাশ হয়েছে। যদিও এসব বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
‘জন নায়াগান’
এইচ বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমায় বিজয়ের বিপরীতের অভিনয় করেছেন পূজা হেগড়ে। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশন্স।
মূলত, চলতি বছরের পঙ্গল উৎসব উপলক্ষে জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) ছাড়পত্র না পাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি কিছু দৃশ্য বাদ দেওয়া ও প্রয়োজনীয় পরিবর্তনের পর সিনেমাটি ‘এ’ ক্যাটাগরির (প্রাপ্তবয়স্কদের সনদ) ছাড়পত্র পেয়েছে।
*হিন্দুস্তান টাইমস অবলম্বনে








