টালিউডের সিনেমার বক্স অফিসে দারুণ ছন্দে এগিয়ে চলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছে সিনেমাটি। সপ্তাহ শেষে আয় কমে যাওয়ার যে প্রচলিত প্রবণতা, সেটিকেও যেন ভুল প্রমাণ করছে এই সিনেমা। বরং প্রতিদিনই নতুন করে আলোচনায় উঠে আসছে এর বক্স অফিস সাফল্য।
মুক্তির পঞ্চম দিন, অর্থাৎ মঙ্গলবার (১৪ জুলাই) সিনেমাটি আয় করেছে প্রায় ১৬ লাখ রুপি। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স-সব ধরনের প্রেক্ষাগৃহেই দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফলে পাঁচ দিনের মাথায় সিনেমাটির মোট নেট আয় পৌঁছে গেছে প্রায় ৯৮ লাখ ৬২ হাজার রুপিতে। অর্থাৎ এক কোটির মাইলফলক স্পর্শ করতে এখন সময়ের অপেক্ষা মাত্র।
আরও পড়ুন
বারবার বাধার মুখে সালমানের ‘মাতৃভূমি’, কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি?
প্রকাশিত বক্স অফিস হিসেব অনুযায়ী, প্রথম দিন শুক্রবার ‘আজও অর্ধাঙ্গিনী’র আয় ছিল ১০ লাখ ৪১ হাজার রুপি। দ্বিতীয় দিন শনিবার তা বেড়ে দাঁড়ায় ২৩ লাখ ৫৩ হাজার রুপিতে। তৃতীয় দিন রবিবার ছবিটি সংগ্রহ করে ৩৫ লাখ ১৭ হাজার রুপি। এরপর সোমবার আয় হয় ১৩ লাখ ৫১ হাজার রুপি। আর মঙ্গলবার আবারও ঊর্ধ্বমুখী হয় আয়ের গ্রাফ, যোগ হয় আরও ১৬ লাখ টাকা।
সাধারণত সপ্তাহ শেষে ভারতে বেশিরভাগ বাংলা সিনেমার আয় কিছুটা কমে যায়। কিন্তু ‘আজও অর্ধাঙ্গিনী’র ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। সোমবারের তুলনায় মঙ্গলবার আয় বেড়েছে, যা প্রমাণ করে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ এখনও তুঙ্গে। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচার সিনেমাটির বক্স অফিস সাফল্যে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্ক, ভালোবাসা, আত্মসম্মান এবং জীবনের জটিল আবেগকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার গল্প দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সংবেদনশীল নির্মাণশৈলী ছবিটিকে দিয়েছে আলাদা মাত্রা। চিত্রনাট্যের দৃঢ়তা ও সংলাপের গভীরতাও দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।
সিনেমাটির অন্যতম আকর্ষণ চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসানের অভিনয়। দুই শক্তিশালী নারী চরিত্রের আবেগ, দ্বন্দ্ব এবং আত্মমর্যাদার লড়াইকে তারা পর্দায় অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন। অন্যদিকে কৌশিক সেনও নিজের চরিত্রে সংযত ও বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। শুভ্রা, মেঘনা ও সুমনের সম্পর্কের দ্বিতীয় অধ্যায় দর্শকদের আগ্রহ ধরে রাখতে সফল হয়েছে।
আরও পড়ুন
গুঞ্জনের অবসান, রাজনীতি নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র এনটিআরের
সব মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে ‘আজও অর্ধাঙ্গিনী’। দর্শকের ভালোবাসা এবং ধারাবাহিক আয়ের এই গতি বজায় থাকলে খুব দ্রুতই এক কোটির গণ্ডি পেরিয়ে সিনেমাটি নতুন সাফল্যের মাইলফলক স্পর্শ করবে বলেই মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।
এমএমএফ








