প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
শুনানিতে ববির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া আদালতে বক্তব্য উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার।
গত ১২ জুলাই, ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স রাজধানীর গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন—বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং প্রতিষ্ঠানের অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ জানান। পরে ২০ নভেম্বর গুলশানে বিটিএলের কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করা হয়। এসব ব্যাটারির মোট মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
ব্যাটারি সরবরাহের পর নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ করা হয়নি। অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। চলতি বছরের ১১ জানুয়ারি মেহেদি আলম প্রিন্স পাওনা অর্থ চাইতে বিটিএলের কার্যালয়ে গেলে তাকে টাকা দেওয়া হবে না বলে জানানো হয়। এ সময় তাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
বাদীর দাবি, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির মূল্য বাবদ ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।








