ছাব্বিশের ফুটবল বিশ্বকাপের উত্তাপ বইছে বিশ্বজুড়ে। সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অপ্রতিরোধ্য ফ্রান্স ও স্পেন। ঘাম ঝরানো এ ম্যাচে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। ফলে ফুটবলপ্রেমীরা নতুন করে বিশ্বকাপের সমীকরণ মেলাচ্ছেন। 

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত ফুটবলের ভক্ত-অনুরাগীরা। প্রিয় দলের সমর্থকরাও নানা সমীকরণ যেমন কষছেন, তেমনই উদ্বিগ্নও কম নন। আর সেই চিন্তার ভাঁজ দেখা গেল আর্জেন্টিনা সমর্থক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর কপালে।  

বুধবার (১৫ জুলাই) বিকালে চঞ্চল চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় রসিকতাপূর্ণ একটি পোস্টার শেয়ার করেছেন। তাতে লেখা—“আমরা কমিটির লোক।” এ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “তারপরেও আজ কিরাম জানি ভয় ভয় কত্তিছে! খুউব ভয় পাচ্ছিরে।” 

চঞ্চল চৌধুরী পোস্ট করার ১১ মিনিটের মধ্যে প্রায় ২ হাজার রিঅ্যাক্ট পড়েছে। কমেন্ট বক্সে জমা পড়েছে প্রায় ২০০ মন্তব্য। নেটিজেনরাও তাকে সাহস জুগিয়ে মন্তব্য করছেন। আকাশ রিপন নামে একজন লেখেন, “ভয়ের কিছু নেই ভাই, আজকে আর্জেন্টিনা জিতবে।” সিকদার মারুফ লেখেন, “কোনো ভয় নাই বদ্দা, জয় হবেই।” অন্যদিকে আর্জেন্টিনার নিন্দুকেরা পাল্টা মন্তব্য করছেন। সব মিলিয়ে তর্ক-বিতর্ক বেশ জমে উঠেছে চঞ্চলের কমেন্ট সেকশনে।