বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন এই তারকা দম্পতি। বিয়ের এত বছর পর প্রিয়াঙ্কা চোপড়া প্রকাশ করলেন তাদের প্রথম কথোপকথনের বিষয়টি। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) নিক জোনাস যে মেসেজ পাঠিয়েছিলেন তা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টের একটি পর্বে নিজেদের সেই প্রথম অস্বস্তিকর ডিএম কথোপকথনের স্মৃতি তুলে ধরেন এই দম্পতি। প্রথমবারের মতো এই পডকাস্টে অতিথি হিসেবে যোগ দেন প্রিয়াঙ্কা। সেখানে নিক, জো জোনাস ও কেভিন জোনাসের সঙ্গে বসে সম্পর্কের শুরুর দিনগুলোর গল্প করেন তিনি।
পডকাস্টে নিক-প্রিয়াঙ্কার প্রথম মেসেজ পড়ে শোনান জো ও কেভিন। এ সময় নিক ও প্রিয়াঙ্কা হাত ধরে বসে ছিলেন।মেসেজগুলোগুলো শুনে দুজনই বেশ লজ্জা পান এবং হেসে নিজেদের প্রতিক্রিয়াও জানান। তাদের প্রেম শুরু হওয়ার প্রায় দেড় বছর আগে অর্থাৎ ২০১৮ সালের মে মাসে এই কথোপকথন হয়েছিল। পরে ওই বছরের ডিসেম্বরে বিয়ে করেন তারা। বর্তমানে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম মালতি মেরি চোপড়া জোনাস। তার বয়স ৪ বছর।
নিক জোনাস জানান, ভাই কেভিন একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি প্রিয়াঙ্কার সিরিজ ‘কোয়ান্টিকো’ দেখেছেন? নিক জানান, তখন তিনি সিরিজটি দেখেননি। ঠিক এরপরই সিরিজটির প্রচারের একটি বিলবোর্ডে প্রিয়াঙ্কাকে দেখতে পান।
এরপর জো ও কেভিন নাটকীয় ভঙ্গিতে সেই বার্তাগুলো পড়ে শোনান। নিকের প্রথম বার্তাটি ছিল, “হ্যালো। কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসবে?”
উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছিলেন, “হাই। গ্রাহাম তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চল, টেক্সটে কথা বলি। সেটা আরো ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।”
মেসেজগুলো পড়ে শোনানোর সময় নিক ও প্রিয়াঙ্কাকে বেশ অপ্রস্তুত দেখাচ্ছিল। দুজনই হাসছিলেন, আবার কিছুটা লজ্জাও পাচ্ছিলেন। পডকাস্টে জো ও কেভিন যখন সেই কথোপকথন অভিনয় করে দেখান, তখনো তাদেরকে মজার ছলে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়।
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০২২ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে তারা কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী।
*ইন্ডিয়া টুডে অবলম্বনে








