নিম্নচাপে কারণে কয়েক দিন ধরে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঝরেছে ভারী বৃষ্টি। দেখা দিয়েছে জলাবদ্ধতা ও পাহাড়ি অঞ্চলে ভূমিধস। নিম্নচাপের রেশ কাটলেও এখন সক্রিয় মৌসুমি। এর প্রভাবে আজ বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলসহ ৮টি বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রাম জেলার আমবাগানে।
আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টির সতর্কবার্তায় জানিয়েছে, আজ সকাল ৬টা থকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
এ ছাড়া ঢাকাসহ ২০ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের শঙ্কা রয়েছে।
সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
আজ সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ও মেঘের কারণে বৃষ্টি বেড়েছে। গত কয়েক দিন দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি হয়েছে। আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক অঞ্চলের বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।








