রূপচর্চার কথা উঠলেই অনেকের ধারণা, তেল মানেই ত্বকের শত্রু। ওজন নিয়ন্ত্রণে রাখতে কিংবা ব্রণ এড়াতে অনেকেই তেলজাতীয় খাবার থেকে দূরে থাকেন। কিন্তু মজার বিষয় হলো, প্রাচীন আয়ুর্বেদে এমন একটি পরিচর্যা পদ্ধতি রয়েছে, যেখানে সৌন্দর্য ও সুস্থতা ধরে রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তেলকেই। সেই পদ্ধতির নাম অয়েল পুলিং।

সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে অয়েল পুলিং আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই ধারণা, এটি মুখের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং বার্ধক্যের কিছু লক্ষণ কমাতে সাহায্য করে। যদিও এসব উপকারিতার সবগুলোর পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত, তবু মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে এটি একটি সহায়ক অভ্যাস হিসেবে বিবেচিত হয়।

অয়েল পুলিং কী?

অয়েল পুলিং হলো মুখের ভেতরে নির্দিষ্ট সময় ধরে তেল কুলকুচি করার একটি প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি। সাধারণত নারিকেল তেল, তিলের তেল বা সূর্যমুখী তেল ব্যবহার করা হয়। এটি সকালে ঘুম থেকে উঠে, কিছু খাওয়ার আগে এবং দাঁত ব্রাশ করার আগেই করার পরামর্শ দেওয়া হয়।

jago

যেভাবে করবেন

১ টেবিল চামচ নারিকেল তেল বা তিলের তেল নিয়ে ১০ থেকে ২০ মিনিট ধীরে ধীরে মুখের ভেতরে কুলকুচি করুন। খেয়াল রাখুন, তেল যেন গিলে না ফেলেন। নির্ধারিত সময় শেষে তেলটি ফেলে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কুলকুচি করে স্বাভাবিক নিয়মে দাঁত ব্রাশ করুন।এভাবে করলে মুখে তেলের গন্ধ বা স্বাদও আর থাকে না।

যেভাবে কাজ করে

বিশেষজ্ঞদের মতে, মুখের ভেতরে দীর্ঘ সময় তেল ঘোরানোর ফলে তেল ব্যাকটেরিয়া, খাবারের ক্ষুদ্র কণা ও অন্যান্য ময়লার সঙ্গে মিশে যায়। পরে তেল ফেলে দেওয়ার মাধ্যমে সেগুলোর একটি অংশও বের হয়ে আসে। ফলে মুখ কিছুটা বেশি পরিষ্কার অনুভূত হতে পারে।

বিশেষ করে নারিকেল তেলে থাকা লরিক অ্যাসিড-এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য মুখের কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে।

ত্বকের জন্য কী উপকারী

অয়েল পুলিং মুখের স্বাস্থ্য ভালো রেখে সুস্থতার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সরাসরি ত্বকের যত্নে কাজ করে না।

কিছু গবেষণায় দেখা গেছে, এটি মুখের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। দীর্ঘস্থায়ী প্রদাহকে অকাল বার্ধক্যের একটি ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে ধরা হয়। ২০২০ সালের একটি ক্লিনিক্যাল গবেষণায়ও দেখা যায়, নারিকেল তেল দিয়ে অয়েল পুলিং করলে মাড়ির প্রদাহ কমতে পারে।

এছাড়া দীর্ঘ সময় মুখের পেশি সচল থাকায় স্থানীয় রক্তসঞ্চালন কিছুটা বাড়তে পারে, যা অনেকের কাছে মুখে সতেজ ও উজ্জ্বল ভাব এনে দেয় বলে মনে হয়। তবে বয়স কমিয়ে দেওয়ার মতো বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন

কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়

দাঁত ও মাড়ির যত্নেও উপকারী

অয়েল পুলিংয় নিয়মিত করলে এটি দাঁতের প্লাক কমাতে, মুখের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখতে এবং মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে। তবে এটি কখনোই দাঁত ব্রাশ, ফ্লস বা ডেন্টিস্টের নিয়মিত পরামর্শের বিকল্প হতে পারে না।

আরও পড়ুন

দিনে বারবার খাওয়া কি সত্যিই স্বাস্থ্যকর

যাদের সতর্ক থাকা উচিত

অয়েল পুলিং করার সময় তেল গিলে ফেলা উচিত নয়। ছোট শিশুদের ক্ষেত্রে এটি না করাই ভালো, কারণ ভুলবশত তেল শ্বাসনালিতে চলে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। যাদের নির্দিষ্ট তেলে অ্যালার্জি রয়েছে, তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পদ্ধতি অনুসরণ করবেন না।

সূত্র: হেলথলাইন, আমেরিকান লাইব্ররি অব মেডিসিন, টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই