ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার গড়ে উঠেছে অসংখ্য রেকর্ড, শিরোপা ও গোলের ওপর। তবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের একটি অধ্যায় এখনও অসম্পূর্ণ-ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা।
পর্তুগিজ এই ফরোয়ার্ড এবার বিশ্বকাপের নকআউট ম্যাচে গোলশূন্য থাকার ধারার ইতি টানতে চাইবেন, যা তার ক্লাব ফুটবল ও অন্যান্য বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুর্দান্ত গোল করার রেকর্ডের সঙ্গে বিস্ময়কর বৈপরীত্য সৃষ্টি করে।
২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকে রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল মিলিয়ে মোট আটটি নকআউট ম্যাচ খেলেছেন, কিন্তু একটিতেও গোল করতে পারেননি।
এই গোলখরা শুরু হয় ২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পর্তুগালের জয় দিয়ে। এরপর তিনি গোল করতে পারেননি ইংল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষেও।
এরপর এই ধারা আরও দীর্ঘ হয় ২০১০ স্পেন, ২০১৮ সালে উরুগুয়ে এবং ২০২২ বিশ্বকাপে সুইজারল্যান্ড ও মরক্কোর বিপক্ষে ম্যাচগুলোতেও।
এই আট ম্যাচে রোনালদো ৬৫০ মিনিটেরও বেশি সময় মাঠে কাটিয়েছেন, কিন্তু গোলের দেখা পাননি। ৯০০-এর বেশি অফিসিয়াল গোল করা একজন কিংবদন্তি স্ট্রাইকারের জন্য এটি সত্যিই অস্বাভাবিক এক পরিসংখ্যান।
রোনালদো বিশ্বকাপে মোট ১০টি গোল করেছেন, আর সবকটিই এসেছে গ্রুপ পর্বে। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন।
তবুও, নকআউট পর্বে যখন চাপ ও গুরুত্ব সবচেয়ে বেশি, তখনও তার গোলের খাতা খোলা হয়নি। এবার সেই গোলখরা কাটাতে পারলে রোনালদোর ঐতিহাসিক ক্যারিয়ারে যোগ হবে আরেকটি অনন্য মাইলফলক এবং ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার সক্ষমতার আরেকটি প্রমাণ মিলবে।
আরআর/এমএমআর








