৮৫ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে হার! বিশ্বকাপে শেষ ৩২ এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে সেনেগালের বিদায়টা এমনই নিষ্ঠুর। তবে ম্যাচ শেষে জানা গেলো অশান্তি ছিল তাদের ড্রেসিংরুমেই। ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন সেনেগালের মিডফিল্ডার পাপে গুইয়ে।

বেলজিয়ামের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সেনেগাল শিবিরে এমন অন্তর্কোন্দল সামনে এসেছে। ২৭ বছর বয়সী পাপে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই বিদায় নিয়ে আপনাদের কিছু কথা বলতে আমি আবারও ফিরে আসব...তবে আজ আমি ঘোষণা করছি যে বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৬৬তম মিনিটে গুইয়েকে বদলি করেন। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন গুইয়ে। ম্যাচ শেষে কোচ থিয়াও বলেন, খেলোয়াড়টি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং কিছু শারীরিক সমস্যাও অনুভব করছিলেন, তাই তাকে তুলে নেওয়া হয়।

তবে কোচের এই ব্যাখ্যা মানতে নারাজ গুইয়ে। ম্যাচ-পরবর্তী মিক্সড জোনে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে সম্পূর্ণ ঠিক ছিলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোচের, আর আমরা সেটিকে সম্মান করি।"’

গুইয়ের এই আকস্মিক সিদ্ধান্ত সেনেগাল জাতীয় দলের কোচ পাপে থিয়াও-এর অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন বিষয়টি নিয়ে সেনেগাল ফুটবল ফেডারেশন কী পদক্ষেপ নেয় এবং পুরো ঘটনার ব্যাখ্যা কী দেয়, সেদিকেই সবার নজর থাকবে।

এসকেডি/আরআর/এমএমআর