ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ ও আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় চার ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা আড়াইটায় অবরোধ চলছিল।
অবরোধের কারণে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে বেড়তলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় মানুষ।
স্থানীয়রা জানান, এর আগে, গত বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। মানববন্ধনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে এই বালুমহাল দমনে তাদের আশ্বাস প্রদান করা হলেও গতকাল রাতে মানববন্ধনে উপস্থিত আন্দোলনকারীদের ওপর হামলা ও হুমকি দেন বলে দাবি করেন বিক্ষুব্ধরা।

ঘটনাস্থলে আশুগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীরা অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি জানান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধ প্রত্যাহারে চেষ্টা করছেন।
আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম








