নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাজনৈতিক দল যৌথভাবে চিঠি পাঠাল প্রধান বিচারপতির কাছে, যা ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।ভোটার লিস্টর বিশেষ নিবিড় সংশোধনী (SIR) এবং দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিল ইন্ডিয়া জোট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তকে উদ্দেশ্য করে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছে দেশের ২৩টি রাজনৈতিক দল এবং একজন নির্দল সাংসদ।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই তালিকায় রয়েছে আম আদমি পার্টি (AAP) এবং ডিএমকে (DMK)—যারা সম্প্রতি ইন্ডিয়া জোট থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল। ফলে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে—অভিমান ভুলে কি আবার এক ছাতার তলায় ফিরছে বিরোধী শিবির?সূত্র অনুযায়ী, গত ৮ জুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে SIR এবং নির্বাচনী স্বচ্ছতা ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে। সেই বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ মোট ২১টি দল উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিল আপ এবং ডিএমকে।কংগ্রেসের সঙ্গে আপের দ্বন্দ্ব দীর্ঘদিনের। লোকসভা নির্বাচনের পর সেই সম্পর্কে কার্যত ইতি পড়ে। অন্যদিকে, তামিলনাড়ুর নির্বাচনের পর কংগ্রেসের সঙ্গে টিভিকে-র জোটকে কেন্দ্র করে ডিএমকে-ও সম্পর্ক ছিন্ন করে। সেই কারণেই ৮ জুনের বৈঠক বয়কট করেছিল এই দুই দল।তবে রাজনৈতিক মহলের খবর, এই দূরত্ব মেটাতে সক্রিয় হন জোটের শীর্ষ নেতারা। অবশেষে প্রায় ২২ দিন পর সেই প্রচেষ্টা ফলপ্রসূ হয়। আপ ও ডিএমকের সম্মতিতেই চিঠিটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় জানান, “৮ জুনের বৈঠকে ২১টি দল ও একজন নির্দল সদস্যের উপস্থিতিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আজ ২৩টি রাজনৈতিক দল এবং একজন নির্দল সদস্যের স্বাক্ষরিত চিঠি প্রধান বিচারপতির কাছে জমা দেওয়া হয়েছে।”এই পোস্টটি রিপোস্ট করে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন স্পষ্ট করেন যে, চিঠিতে আম আদমি পার্টি এবং ডিএমকের স্বাক্ষরও রয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বিরোধী শিবির নিজেদের ভাঙন মেরামতের পথে হাঁটছে। ২৩টি দলের একসঙ্গে এই উদ্যোগ সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে—ইন্ডিয়া জোট কি আবার শক্তিশালী প্রত্যাবর্তনের পথেই এগুচ্ছে?