লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা শাহজাহান কবিরাজের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল, হামলা, মামলা ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের স্টিলব্রিজ থেকে উদমারা সড়কে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। এসব কারণে এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা দাবি করেন।
মানববন্ধন থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন বক্তারা।
সৌদি আরবপ্রবাসী মো. হুমায়ুন কবির বলেন, “আমি প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করে এলাকায় একটি ভবন নির্মাণ করছি। চাঁদা না দেওয়ায় গত ১৫ দিন ধরে আমার ভবনের নির্মাণকাজ করতে দেওয়া হচ্ছে না। এতে আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই প্রশাসনের কাছে।”
মানববন্ধন শেষে হুমায়ুন কবির, জাকির, তফাজ্জল হোসেন, মুরাদ হোসেন, বৃদ্ধ জাহের মাঝি, বোরহান কবিরাজ ও শামছুন্নাহার বেগমসহ বিক্ষোভে অংশগ্রহণকারীরা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন।
অভিযোগ অস্বীকার করে শাহাজাহান কবিরাজ বলেন, “যুবদল নেতা জাকির হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এগুলো সঠিক নয়।”








