ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া বনবিটের আওতায় সাগুনী শালবনের বেহাত হওয়া প্রায় ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল বুধবার দুপুরে উপজেলার বাঁশগাড়া মৌজায় যৌথ অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বাঁশগাড়া মৌজার ওই বনভূমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছিলেন দখলদাররা। বিষয়টি নজরে এলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার করা বনভূমিতে সরকারি মালিকানা নিশ্চিত করতে একাধিক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, এটি সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি এবং অবৈধ দখল বা ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী, পীরগঞ্জ থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গোলাম রব্বানী সরদার বলেন, সরকারি বনভূমি দখল ও অবৈধ ব্যবহার প্রতিরোধে প্রশাসন নিয়মিত কাজ করছে। বনভূমি সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলার থুমনিয়া বনবিটের কর্মকর্তা মহসিন আলী বলেন, `সংরক্ষিত বনভূমি দেশের পরিবেশ, জীববৈচিত্র ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বনভূমি দখল বা ক্ষতিসাধনের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আজ বাঁশগাড়া মৌজার প্রায় ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় সরকারি দখলে নেওয়া হয়েছে। সরকারি বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।'








