টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এক যুবতীকে পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতেন ওই নারী। একই কোম্পানিতে চাকরি করতেন অর্ঘ্য মুখোপাধ্যায়। গত ১২ এপ্রিল অর্ঘ্যের বাড়িতে আসেন ওই ভুক্তভোগী। সে সময় যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ১২ এপ্রিল হলেও গত ২৭ জুন অর্ঘ্যর বিরুদ্ধে চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতী। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত রবিবার ১২ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত অর্ঘ্য মুখার্জির বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এই ঘটনার পরেই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে জানিয়েছেন,২০২৪ সালের থেকে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার দৈনিক সুচি দেখার দায়িত্ব নেয়। সেখান থেকেই ওই ব্যক্তির সঙ্গে আমার পরিচয়। এখন আমি জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যদিও ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে আমি কিছুই জানি না। এই ঘটনার পরে আগামী দিনে আর কোনও ভাবেই ওর সঙ্গে থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকেও এই বিষয়ে আমি জানিয়েছি।
তবে, অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র জানিয়েছেন, অভিযুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করেন। তার এক বান্ধবী তার বিরুদ্ধে যৌন নিগ্ৰহের অভিযোগ দায়ের করেছেন। দুজনেই দীর্ঘদিনের পরিচিত।
ডিডি/কেএম








