বঙ্গোপসাগরে এফবি মা কালি নামে একটি ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু হয়েছে। বাকি ৬ জেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।
জানা গেছে, গত মঙ্গলবার ২ জুলাই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার জন্য যাত্রা করে এফবি মা কালি ট্রলারটি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হঠাৎ ৫ জুলাই থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রলারটি নিখোঁজ হওয়ার পরেই দীঘা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীঘা ও মন্দারমনি মেরিন পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপরই শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান।
গত রোববার ১২ জুলাই রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোবর্ধনপুর থানার পুলিশ ও বন দফতর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা বাঘের চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি খুজে পায়।
পরে সেই ট্রলারটি সীতারামপুরে আনা হয়। স্থানীয় প্রশাসন এবং উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা মিলে রাতভর উদ্ধার কাজ চালিয়ে ডলারের ভেতর থেকে নয় জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়।
এই বিষয়ে মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান,এফবি মা কালি' একটি ট্রলার ১৫ জন মৎসজীবিদের নিয়ে বকখালি দিয়ে গভীর সমুদ্রে গিয়ে ছিল। গভীর সমুদ্র উত্তল থাকায় কোনরকম ভাবে ট্রলারটিতে সমুদ্রের পানি উঠে যায়। নিখোঁজ হয়ে যায়। এরপর প্রশাসন সেই ট্রলারটি খুঁজে পেয়ে ন'জনের দেহ উদ্ধার করে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
ডিডি/কেএম








