বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিএফডিসিতে সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (২৮ জুন) বিকেলে বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিকরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিএফডিসিতে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে সাংবাদিকদের স্বাভাবিকভাবে সংবাদ সংগ্রহ ব্যাহত হয় এবং কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়।

লিখিত অভিযোগে সাংবাদিকরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, বিএফডিসিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং সংবাদ সংগ্রহে বাধা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি বিএফডিসির প্রবেশ নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়।

এ ছাড়া সরকার অনুমোদিত টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম ও মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অনিবন্ধিত ব্যক্তি, ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশ সীমিত করারও আহ্বান জানান সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র বিএফডিসিতে সাংবাদিকরা যদি নিরাপদ পরিবেশে কাজ করতে না পারেন, তাহলে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ব্যাহত হবে। তাই ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

এমআই/এলআইএ