ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য রচনা ব্যানার্জি। দীর্ঘ সময় জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ১’ সঞ্চালনা করেছেন তিনি। কয়েক দিন আগে এ শো থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এরপর বিষয়টি নিয়ে নানা চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন রচনা। অবশেষে নীরবতা ভাঙলেন এই তারকা। 

টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে রচনা ব্যানার্জি বলেন, “আমার ছেলের ৩ বছর বয়স থেকে ‘দিদি নম্বর ১’ করছি। তাই এই শো আমার সন্তানসম। এমনও সময় গেছে ছেলেকে সময় দিতে হবে এবং অনুষ্ঠানকে হয়রানিতে ফেলব না বলে মেট্রো করে বাড়ি ফিরেছি। সেই সময় রাজারহাটের কাছে শুটিং হতো। সেই সময় ভাবতাম কীভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরব। তখন বোরকা পরে মেট্রো করে বাড়ি ফিরেছি।” 

টলিপাড়ায় জোর গুঞ্জন উড়ছে, রাজনৈতিক পালাবদলের কারণে রচনা ব্যানার্জিকে ‘দিদি নাম্বার ১’ ছাড়তে হয়েছে। তবে এ অভিযোগ নাকচ করে এই অভিনেত্রী বলেন, “এর সঙ্গে রাজনীতির যোগসাজশ নেই।” 

মমতার পরাজয়ের প্রসঙ্গ টেনে দুঃখ প্রকাশ করেন রচনা। তার ভাষায়—“তৃণমূলের হার মানুষকে অনেক কিছু শেখাল, দম্ভ থাকা চলে না। কোনোটাই চিরস্থায়ী নয়। দিদির এতদিনের লড়াই তাসের ঘরের মতো ভেঙে পড়ল, এটা দুঃখজনক।” 

‘দিদি নাম্বার ১’-এর সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও, অনুষ্ঠানটি থেকে রচনার বিদায়ের প্রক্রিয়া সুখকর নয় বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি কখনো ভাবব না, আমি যতদিন বাঁচব ততদিন শো করব। একজন আসবে একজন যাবে এটাই হবে। তবে শেষটা সুন্দরভাবে শেষ করলে ভালো হয়। পরিবর্তন হতেই পারে। তবে যেভাবে এটা শেষ হলো সেটা ঠিক হয়নি।” 

বলে রাখা ভালো, ‘দিদি নাম্বার ১’-এর দশম সিজন থেকে সঞ্চালকের আসনে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। আগামী ২৯ জুন, নতুন সিজনের প্রথম পর্ব প্রচার হবে।