বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা। 

রবিবার (২৮ জুন) বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় সাংবাদিকরা ঘোষণা দেন, অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত তারা বিএফডিসিতে কোনো ধরনের সংবাদ সংগ্রহে অংশ নেবেন না। 

মানববন্ধন শেষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। 

এ অভিযোগ পত্রে বলা হয়, গত শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিএফডিসিতে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর ফলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়। 

লিখিত অভিযোগে সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংবাদ সংগ্রহে বাধা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিএফডিসিতে প্রবেশসংক্রান্ত নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়। 

এছাড়া সরকার অনুমোদিত টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অনিবন্ধিত ব্যক্তি, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সংবাদ সংগ্রহের নামে বিএফডিসিতে প্রবেশ সীমিত করার আহ্বানও জানান তারা। 

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, “বিএফডিসি চলচ্চিত্র সংশ্লিষ্টদের কর্মস্থল হলেও এটি একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই সেখানে নিরাপদ, স্বাধীন ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা আশা প্রকাশ করছি, ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”