৮ গোল নিয়ে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার সামনে লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে এসেও আর্জেন্টিনা অধিনায়কের পারফরম্যান্সে ভাটা পড়েনি বিন্দুমাত্র।

এই বয়সে এমন খেলা, বিস্মিত পুরো ফুটবল–বিশ্বই। মেসিকে এমন দুর্দান্ত খেলতে দেখে বিস্মিত ফুটবলের ভবিষ্যৎ লামিনে ইয়ামালও। স্প্যানিশ তরুণ তারকা এবারের বিশ্বকাপে মেসির খেলাকে বর্ণনা করেছেন এক শব্দে, ‘অবিশ্বাস্য’।

স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে জিজ্ঞেস করা হয়েছিল লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমার—বিশ্বকাপের তিন বড় তারকাকে নিয়েই।

এবার প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন মেসি। মেসির খেলা দেখে অবিশ্বাসে চোখ কচলাচ্ছেন ইয়ামাল, ‘সবাই জানে মেসি কে, তিন কী করতে পারেন। কিন্তু আমার মনে হয় না কেউ ভেবেছিল মেসি এতটা ভালো খেলবেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দেখে খুব ভালো লাগছে।’

মিসরের বিপক্ষে গোলের পর মেসি

ইয়ামালের চাওয়া আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলা, ‘আমি চাই তারা যত দূর পারে যাক। শুধু ফাইনালে যদি দেখা হয়, তাহলে আমি ওই ম্যাচটা জিততে চাই।’

ইয়ামালকে জিজ্ঞাসা করা হয়েছিল নেইমার, রোনালদোকে নিয়েও। তাঁদের খেলা দেখেই বড় হওয়া ইয়ামাল বলেছেন, ‘নেইমার এই বিশ্বকাপে খেলেছেন, রোনালদোর বিপক্ষে খেলেছি। তাঁদের খেলা দেখেই আমি বড় হয়েছি। দুজনকে খেলতে দেখে সত্যিই ভালো লেগেছে।’

জন্মভূমির বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার

চোট থেকে উঠে আসার পর পর্তুগালের বিপক্ষে প্রথম পুরো ৯০ মিনিট খেলেছেন ইয়ামাল। আড়াই মাস পর পুরো ম্যাচ খেলতে পারার খুশিটাও আছে তাঁর মনে, ‘আমি পুরো দুই মাস মাঠের বাইরে ছিলাম। টানা সাত ম্যাচ খেলা সহজ কথা নয়। তবে নিয়মিত খেলায় থাকলে আশা করি পারফরম্যান্সও ভালো হবে।’

এমবাপ্পে ও হাকিমি: বন্ধু যখন শত্রু