বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত স্মরণসভায় শিক্ষার্থী ও শিক্ষকদের কম উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। স্মরণসভায় অর্ধেকের বেশি চেয়ার খালি পড়ে থাকতে দেখে তিনি এ বিরক্তি প্রকাশ করেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আহমেদ আযম খান।বক্তব্যের শুরুতেই মন্ত্রী বলেন, ‘রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই চত্বরকে ‘আবু সাঈদ চত্বর’ হিসেবে উল্লেখ করেছেন। আমি ধারণা করেছিলাম, আজকের এই চত্বরে যতই গরম থাকুক না কেন, আবু সাঈদকে স্মরণ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একাকার হয়ে যাবেন। এখানে তিল ধারণের জায়গা থাকবে না।’সভার পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি সত্যিই হতাশ হয়েছি। আবু সাঈদের সহপাঠীরা এই আয়োজনকে কেন আরও প্রাণবন্ত করে তুললেন না? কেন অর্ধেকের বেশি চেয়ার খালি পড়ে আছে? এটি শুধু আমার জন্য নয়, আপনাদের সবার জন্যই কষ্টের।’আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মঞ্চে দাঁড়িয়ে অনেক সুন্দর বক্তৃতা দিই, কিন্তু সেই বক্তব্যের বাস্তবায়ন করি না। এখন সময় এসেছে কাজের মাধ্যমে তা প্রমাণ করার। আজ যদি এই চত্বর মানুষে পরিপূর্ণ থাকত, তবে আবু সাঈদ কবরেও শান্তি পেতেন। তার সহপাঠীরা তাকে এভাবে স্মরণ করছে দেখলে তিনি আনন্দিত হতেন। আজকের দৃশ্য দেখে আমি দুঃখিত ও মর্মাহত।’স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকলেও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম।
রাজনীতি
আবু সাঈদের স্মরণসভায় অর্ধেকের বেশি চেয়ার খালি, ক্ষুব্ধ মন্ত্রী

শেয়ার করুন






