বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন। দীর্ঘদিনের সঙ্গী, সৌন্দর্য ও ওয়েলনেস উদ্যোক্তা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আজ মুম্বাইয়ের নিজ বাসভবনে একান্ত ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হবে এ জুটি। আর এই বিশেষ দিনকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের রঙে সেজে উঠেছে আমিরের বাসভবন।
চকচকে বলিউডি বিয়ের জাঁকজমক নয়, বরং ব্যক্তিগত মুহূর্তগুলোকে নিজের মতো করে উপভোগ করতে চান আমির। তাই হাজারো অতিথির ভিড়, বিলাসবহুল ভেন্যু কিংবা চোখধাঁধানো আয়োজনের বদলে তিনি বেছে নিয়েছেন নিবন্ধিত ও সীমিত পরিসরের একটি অনুষ্ঠান। তবে আয়োজন ছোট হলেও আবেগ ও আন্তরিকতায় কোনো ঘাটতি নেই।
বিয়ে উপলক্ষ্যে মুম্বাইয়ের অভিজাত পলি হিল এলাকায় অবস্থিত আমির খানের বাসভবনের বারান্দা ও জানালাজুড়ে লাগানো হয়েছে ঝলমলে ফেয়ারি লাইট। গত দুই দিন থেকে সন্ধ্যা নামলেই আলোয় ভরে উঠছে পুরো বাড়ি। অনুষ্ঠানস্থলের সাজসজ্জা নিয়ে ব্যস্ত ডেকোরেটররা। অতিথিদের জন্য আনা হয়েছে চেয়ার, টেন্ট ও নান্দনিক সজ্জাসামগ্রী। সব মিলিয়ে বাসভবনটি যেন রূপ নিয়েছে এক অন্তরঙ্গ উৎসবের কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আমির। হাসিমুখে তিনি জানান, এটি হবে খুবই ব্যক্তিগত একটি আয়োজন, যেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। সাদামাটাভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেও সবার ভালোবাসা ও আশীর্বাদ চান তিনি।
জানা গেছে, আজ দিনের প্রথম ভাগেই বাসভবনে বিয়ের নিবন্ধন সম্পন্ন হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকাও রাখা হয়েছে সীমিত। তবে বলিউডের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীর নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে।
এ বিশেষ দিনে আমিরের পরিবারের সদস্যরাও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। আগের সংসারের সন্তান জুনায়েদ খান, ইরা খান এবং আজাদ রাও খান বিয়ের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন। ফলে এটি শুধু দুই মানুষের মিলন নয়, বরং দুই পরিবারের এক আন্তরিক বন্ধনের উৎসবেও পরিণত হতে যাচ্ছে।
উল্লেখ্য, ৬১ বছর বয়সি আমির খানের প্রথম স্ত্রী প্রযোজক রিনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ের পর তাদের বিচ্ছেদ হয় ২০০২ সালে। এ সংসারেই জন্ম হয় ছেলে জুনায়েদ খানের। এরপর ২০০৫ সালে আমির বিয়ে করেন ভারতীয় চিত্রপরিচালক কিরন রাওকে। এ সংসারও টেকেনি তার। একমাত্র ছেলে আজাদ রাও খানকে রেখে এ দুজনের বিচ্ছেদ হয় ২০২১ সালে। এবার হচ্ছে তৃতীয় বিয়ে।








