বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া, ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, নির্জীব ত্বক—এগুলো বয়স বেড়ে যাওয়ার লক্ষণ। কিন্তু অনেকের আগেভাগেই ত্বকে বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে। অকালে বলিরেখা দেখা দিলে সেটা ত্বকের সৌন্দর্য নষ্ট করে। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায়?

বলা হয়, বলিরেখা প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। খাদ্যাভ্যাস পরিবর্তন করে বলিরেখা অনেকটা প্রতিরোধ করা যায়। সবুজ শাকসবজি, ফল, গ্রিন টি, গাজর, টমেটো, ডালিম, লেবু, বাদাম, পাকা পেঁপে ও টক দইতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে; যা বলিরেখা প্রতিরোধে কাজ করে। তাই প্রতিদিন নিয়ম করে এগুলো খাওয়া দরকার। তা ছাড়া বলিরেখা রোধে বাহ্যিক যত্নের প্রয়োজন। বলিরেখা ঠেকাতে প্রতিদিন নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। পাশপাশি রেটিনয়েড ও হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়শ্চারাইজার ত্বকে ব্যবহার করতে হবে।

এ ছাড়াও আগে থেকে যদি কিছু প্রাকৃতিক উপাদান ত্বকে ব্যবহার শুরু করা যায়, তাহলে অকালে ত্বকে বলিরেখা ফুটে উঠবে না।

নারকেল তেল প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে। তা ছাড়া এটি ত্বকে পানির ভারসাম্য বজায় রেখে ত্বকের নমনীয়তা অনেকটা ফিরিয়ে আনে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেসব জায়গায় বলিরেখা দেখা দিয়েছে, সেসব জায়গায় অর্গানিক নারকেল তেল লাগিয়ে মালিশ করে সারা রাত রেখে দিন।   

মধু ত্বকের পিএইচ সমতা বজায় রেখে বলিরেখা দূর করে। এক চা-চামচ মধু মুখে মেখে ভালো করে মালিশ করে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে কাজটি প্রতিদিন করতে পারেন।

শসায় রয়েছে বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং ৯৫ শতাংশ পানি; যা ত্বক সুস্থ রাখে। একটি শসার রস বের করুন এবং পরিষ্কার ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে প্রতিদিন শসা ব্যবহার করতে পারেন।  

লেবুতে আছে ভিটামিন সি, যা ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে বলিরেখা দূর করে। এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে সমান মধু মিশিয়ে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন।  

বলিরেখা দূর করতে এক চামচ আপেল সিডার ভিনেগার ও এক চামচ মধু মিশিয়ে মুখে এবং গলার অংশে মাখুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর মুখ মুছে পছন্দমতো একটি ময়শ্চারাইজার লাগিয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন। ধীরে ধীরে বলিরেখা দূর হবে।  

অ্যালোভেরায় প্রচুর ভিটামিন ই রয়েছে, যা বলিরেখা কমাতে সাহায্য করে। এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে হালকা করে প্রলেপ লাগিয়ে মাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই মাস্ক ব্যবহার করুন।  

পেঁপেতে আছে বিটাক্যারোটিন আর কলায় বার্ধক্যবিরোধী বিভিন্ন বৈশিষ্ট্য। একটি পাকা কলা ও এক ফালি পেঁপে ভালো করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে মুখে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করুন।  

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য